ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬:
ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর মগবাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা।
কর্মশালাটি পরিচালনা করেন স্থপতি ড. খুরশীদ আল মেহের। কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক—যেমন পরিকল্পনা প্রণয়ন, সময় ও ব্যয় নিয়ন্ত্রণ, টিম ম্যানেজমেন্ট, কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং ক্লায়েন্টের সঙ্গে কার্যকর যোগাযোগ কৌশল—নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সংগঠনের সভাপতি, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ (ইসি মেম্বার) ছাড়াও অ্যাসোসিয়েশনের সাধারণ ও প্রফেশনাল সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে আরও পরিকল্পিত, সময়োপযোগী ও সুসংগঠিতভাবে কাজ করার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাবে।